বিদ্যুতের তার চুরি করতে গিয়ে প্রাণ গেল অটোরিকশা চালকের, দুই সহযোগী জনতার হাতে আটক

আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ০৬:৩৯:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ০৬:৪২:২৪ অপরাহ্ন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরির চেষ্টা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদ হাসান আনন্দ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার দুই সহযোগীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (১৬ জুন) রাত প্রায় ১১টার দিকে কালীগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া এলাকায় ইউরো বাংলা গ্লাস ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনন্দ উপজেলার মূলগাঁও চরপাড়া এলাকার আমিন মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। তবে স্থানীয়দের দাবি, বিভিন্ন সময় সংঘটিত চুরির ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে কয়েকজনকে সঙ্গে নিয়ে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার কাটার উদ্দেশ্যে ঘটনাস্থলে যান আনন্দ। একটি লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে ধারণা করে তারা কাজ শুরু করেন। কিন্তু পাশের আরেকটি লাইনে তখনও বিদ্যুৎ প্রবাহ চলমান ছিল। একপর্যায়ে খুঁটি থেকে বিচ্ছিন্ন করা তার টানতে গেলে সেটি সচল বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসে। এতে তীব্র বৈদ্যুতিক শকে ঘটনাস্থলেই প্রাণ হারান আনন্দ। ঘটনার আকস্মিকতায় সঙ্গে থাকা অন্যরা দ্রুত স্থান ত্যাগ করে। পরে খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বুধবার (১৭ জুন) সকালে স্থানীয়রা নিহতের দুই সহযোগীকে চুরি করা তারসহ আটক করেন। আটক ব্যক্তিরা হলেন মূলগাঁও এলাকার সাইফুলের ছেলে আশিক এবং বাঘেরপাড়া এলাকার অরুণের ছেলে খাইরুল।


পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত এবং তার চুরি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]