সাত দিনের সুযোগ, ১৫ শতাংশ ছাড়: বকেয়া পৌরকর আদায়ে মাঠে কালীগঞ্জ পৌরসভা

আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ০৭:৩৬:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ০৭:৩৮:৫৩ অপরাহ্ন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

একটি পৌরসভার রাস্তা, ড্রেন, স্ট্রিটলাইট কিংবা নাগরিক সেবার পেছনে যে অর্থ ব্যয় হয়, তার বড় একটি অংশ আসে নাগরিকদের কর থেকে। অথচ নানা কারণে অনেক করদাতার বকেয়া থেকে যায় বছরের পর বছর।


সেই বকেয়া কর আদায়ের পাশাপাশি নাগরিকদের কর প্রদানে উৎসাহিত করতে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে কালীগঞ্জ পৌরসভা। ‘নিয়মিত পৌরকর পরিশোধ করুন, পৌর উন্নয়নে সহায়তা করুন’-এই প্রতিপাদ্য সামনে রেখে সোমবার (১৫ জুন) থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী পৌরকর মেলা। আগামী ২১ জুন পর্যন্ত চলবে এ আয়োজন। বিশেষ এ মেলায় বকেয়া পৌরকর পরিশোধকারীদের জন্য রাখা হয়েছে ১৫ শতাংশ কর ছাড়ের সুবিধা। সকালে কালীগঞ্জ পৌরসভা কার্যালয়ে মেলার উদ্বোধন করেন পৌর প্রশাসক এ টি এম কামরুল ইসলাম। এ সময় পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পৌরসভা কার্যালয় ঘুরে দেখা যায়, করদাতাদের সুবিধার্থে তিনটি পৃথক বুথ স্থাপন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব বুথে কর গ্রহণ করা হবে। ফলে নাগরিকরা সহজেই তাদের বকেয়া কর পরিশোধ করতে পারবেন। পৌর নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র দত্ত বলেন, দীর্ঘদিনের বকেয়া কর আদায়ের পাশাপাশি করদাতাদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং পৌর উন্নয়নে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। পৌর প্রশাসক এ টি এম কামরুল ইসলাম বলেন, “এই বিশেষ সুযোগের মাধ্যমে করদাতারা যেমন আর্থিক সুবিধা পাবেন, তেমনি পৌরসভার রাজস্ব আদায়ও বৃদ্ধি পাবে। এতে অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে ইতিবাচক প্রভাব পড়বে।”

তিনি সকল করদাতাকে নির্ধারিত সময়ের মধ্যে মেলায় অংশ নিয়ে বকেয়া পৌরকর পরিশোধের আহ্বান জানান। মাত্র সাত দিনের এই সুযোগ কাজে লাগিয়ে করদাতারা যেমন তাদের বকেয়ার বোঝা কমাতে পারবেন, তেমনি নিজেদের পৌরসভাকে আরও উন্নত ও বাসযোগ্য করে গড়ে তোলার অংশীদারও হতে পারবেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]