ফেনীতে ‘হিযবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবিতে সেমিনার

আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০২:৪৩:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০২:৪৬:১৭ অপরাহ্ন
জাহিদ হাসান চৌধুরী;

ফেনী জেলা প্রতিনিধি

ফেনীতে ‘হেযবুত তওহীদ’ নামক সংগঠনের ঈমান-আক্বিদা বিধ্বংসী কর্মকাণ্ডের প্রতিবাদে ও সংগঠনটি নিষিদ্ধের দাবিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন বৃহস্পতিবার বিকেলে ফেনী শহরের দাউদপুর এলাকার এম্বিয়েন্স রেস্টুরেন্ট কনভেনশন হলে ‘বাতিল প্রতিরোধ আন্দোলন, ফেনী’র উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

‘হিযবুত তাওহীদ নামক সংগঠনের ঈমান-আক্বিদা বিধ্বংসী কার্যকলাপ নিষিদ্ধে আমাদের করণীয়’ শীর্ষক এই সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা মুমিনুল হক জাদিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি মুফতী ইউসুফ কাসেমী। সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতী লুৎফর রহমান ফরায়েজী, মুফতী রিজওয়ান রফিকী, মুফতী রেজাউল করিম আবরার ও মুফতী শামসুদ্দোহা আশরাফী এই ভ্রান্ত সংগঠনের বিভিন্ন বিভ্রান্তিকর মতবাদ ও কর্মকাণ্ডের ওপর তথ্যভিত্তিক আলোচনা করেন। এ সময় ফেনী জেলার শীর্ষস্থানীয় আলেম-ওলামা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, হিযবুত তাওহীদ ইসলামের নাম ব্যবহার করে ধর্মের নামে মূলত অধর্মের প্রচার চালাচ্ছে। তাওহীদের দোহাই দিয়ে মুসলমানদের মূল আক্বিদা থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। ইসলামের মনগড়া ব্যাখ্যার মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত ও ঈমানহারা করা হচ্ছে। বক্তারা আরও অভিযোগ করেন, এই সংগঠনটি নাস্তিক্যবাদী এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। এটি সমাজ ও রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টির পাশাপাশি পারস্পরিক ধর্মীয় সম্পর্ক এবং পারিবারিক বন্ধন ধ্বংস করছে।

আল্লাহ তায়ালা ও মহানবী (সা.)-এর সুন্নাহ নিয়ে তারা মিথ্যাচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা। সবশেষে, জননিরাপত্তা ও ধর্মীয় শৃঙ্খলা রক্ষায় অবিলম্বে হিযবুত তাওহীদের সকল কার্যক্রম নিষিদ্ধ এবং তাদের বয়কট করার জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানানো হয়।

এছাড়া সংগঠনের অপতৎপরতা রুখতে দলমত নির্বিশেষে সর্বস্তরের মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]