মোঃ মোহন মিয়া স্টাফ রিপোর্টার পঞ্চগড়
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষিণ প্রধানপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১০ জনকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টাকে কেন্দ্র করে সৃষ্ট প্রায় ৭০ ঘণ্টার অচলাবস্থার অবসান হয়েছে। টানটান উত্তেজনার পর রোববার (৭ জুন) গভীর রাতে ভারতের অভ্যন্তর থেকে ওই ১০ জনকে সরিয়ে নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (৮ জুন) সকালে সীমান্ত এলাকায় গিয়ে দেখা যায়, গত কয়েক দিন ধরে যেখানে ওই ১০ জন অবস্থান করছিলেন, সেখানে আর কেউ নেই। সীমান্তে আগের মতো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের অতিরিক্ত সদস্যদের উপস্থিতি ও দেখা যায়নি।
স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, গত শুক্রবার ভোর থেকে নারী, পুরুষ ও শিশুসহ ১০ জন ব্যক্তি হাড়িভাসা সীমান্তের জিরো লাইনে ভারতের অভ্যন্তরে একটি কৃষিজমিতে অবস্থান করছিলেন। বিএসএফের বাংলাদেশে পুশ ইন চেষ্টাকে কেন্দ্র করে সীমান্ত জুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। প্রায় ৭০ ঘণ্টা খোলা আকাশের নিচে রোদ, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে মানবেতর জীবন কাটান তারা।
স্থানীয় এক বাসিন্দা জানান, আমরা বিজিবির সদস্যদের সঙ্গে সীমান্ত এলাকায় পাহারায় ছিলাম। রাত ১২টার দিকে বিএসএফ তাদের সার্চলাইট বন্ধ করে দেয়। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে বিএসএফ সদস্যরা ওই ১০ জনকে সেখান থেকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
এর আগে রোববার দুপুরে বিএসএফ ওই ১০ জনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবি কঠোর অবস্থান নিয়ে তা প্রতিহত করে। এ সময় সীমান্তে দুই বাহিনীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় উভয় পক্ষই সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করে এবং হাই অ্যালার্ট জারি করে।
এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বি এস এফ আমাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে রাত আড়াইটার দিকে জিরো লাইনে অবস্থান নেওয়া ব্যক্তিদের সেখান থেকে সরিয়ে নিয়ে গেছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।