আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওতে মুখে মাস্ক পরিহিত একদল কিশোর ও তরুণকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
বিভিন্ন সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুর ১টার দিকে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের নাওড়া গ্রামেে টেংনাকুড়া ব্রিজ এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
উলিপুর উপজেলা ছাত্রলীগের ব্যানারে মিছিলটি আয়োজন করা হয়।
রোববার (০৭ জুন) বিকেলে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় ফেসবুক পেজ থেকে ভিডিওটি শেয়ার দেওয়া হয়।
প্রায় দুই মিনিট ৪০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওতে দেখা যায়, প্রায়১৮-২০ জন কিশোর ও তরুণ মুখে মাস্ক পরে সড়কে মিছিল করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। মিছিলের ব্যানারে সাবেক সংসদ সদস্য এম এ মতিনের ছেলে সালমান হাসান মারজানের ছবি ছাড়াও শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি দেখা যায়।
যদিও মিছিলটি গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছিল, তবে রোববার বিকেলে এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর বলেন, ভিডিওটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা ভিডিও দেখে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা করছি।