​রাজশাহীতে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: অভিযুক্ত যুবক সিরাজ গ্রেফতার

আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ১১:১৮:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ১১:১৮:২৭ অপরাহ্ন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীর মতিহার এলাকায় এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার ঘটনায় সামিউল সিরাজ (সিজান) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৭ জুন) সন্ধ্যায় বোয়ালিয়া থানার টিকাপাড়া বাসার রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সামিউল সিরাজ, সে নগরীর মতিহার থানার তালাইমারী বাদুরতলা (বালু ঘাট) এলাকার মৃত শরিফুল ইসলামের ছেলে।

রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম

তিনি জানান, আহত শিক্ষার্থী একজন এসএসসি পরীক্ষার্থী। রবিবার বেলা ১১টার পর তিনি তার দুই সহপাঠীর সঙ্গে স্কুলে যাওয়ার পথে তালাইমারী প্রিন্সিপালপাড়া এলাকার ডায়মন্ড টাওয়ারের সামনে পৌঁছালে অভিযুক্ত সামিউল সিরাজ তাদের পথরোধ করেন। পূর্ববিরোধের জের ধরে ওই শিক্ষার্থীকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে।

এতে শিক্ষার্থীর হাত ও পেটের এক পাশে গুরুতর জখম হয়। হামলার পর অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তার সঙ্গে থাকা দুই বান্ধবী আহত শিক্ষার্থীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।

ঘটনার খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির দ্রুত অভিযুক্তকে গ্রেফতারের নির্দেশ দেন। তার নির্দেশনায় বোয়ালিয়া থানা পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে একই দিন রাত ৮টার দিকে টিকাপাড়া এলাকা থেকে সামিউল সিরাজ (সিজান)-কে গ্রেফতার করে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি হামলার পেছনের কারণ ও ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]