এম মনির চৌধুরী রানা
বোয়ালখালীতে চাচাতো বোনের মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার (৬ জুন) রাত ১০টার দিকে আরাকান সড়কের আমতল এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দু’জন হলেন হাজী নুরুল হক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক মো. আব্দুল আজিজ (২৬) এবং সদস্য মো. রায়হান (২৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ জুন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী আলামিয়া টেণ্ডল বাড়িতে অনুষ্ঠিত কনের মেহেদী অনুষ্ঠানে তারা ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি পুলিশের নজরে আসার পর তদন্তের ভিত্তিতে তাদের শনাক্ত করা হয়।
পরদিন কনের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অবস্থায় আমতল এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে তাদের আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া দুই ছাত্রলীগ সদস্যকে জুলাই আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে।