বিশ্বাসযোগ্য রাষ্ট্র গড়তে প্রতিটি পণ্যে মানুষের আস্থা নিশ্চিত করতে হবে

আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ১২:১০:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ১২:১০:৪৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক



দেশকে একটি সচল ও বিশ্বাসযোগ্য রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রতিটি পণ্যের ওপর মানুষের আস্থা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার ‘বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) প্রধান কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।




শিল্পমন্ত্রী বলেন, যদি একটা সোসাইটি ও দেশকে সাস্টেইনেবল করতে হয়, তবে দেশের মানুষের কাছে আস্থা অর্জন করতে হয়, দেশকে একটি কার্যকর ও বিশ্বাসযোগ্য রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে ব্যবহৃত প্রতিটি পণ্যের ওপর মানুষের আস্থা থাকতে হবে।

মন্ত্রী আরো বলেন, জিলাপি খাওয়ার সময় আপনি যদি এক কামড় জিলাপি খান আর সাথে সাথে আতঙ্কে ভোগেন যে এটার মধ্যে হাইড্রোজ আছে কী না? তাহলে এটা তো স্বাভাবিকতা হতে পারে না। তো এই দেশের মধ্যে স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্য যে কতগুলো পণ্য আমরা ব্যবহার করি, সেটি খাদ্যপণ্য হোক অথবা অন্য প্রয়োজনের পণ্য হোক, সেগুলো সঠিক মাপে আছে কি না, সঠিক পদ্ধতিতে তৈরি হয়েছে কি না এবং সেটির উচ্চ মানদণ্ড বজায় আছে কি না -এগুলোর নিশ্চয়তা সবার প্রতিদিনের জীবনযাপনের জন্য গুরুত্বপর্ণ।

তিনি জানান, দেশের প্রয়োজন অনুযায়ী বিএসটিআইকে আরও আধুনিক ও কার্যকর প্রতিষ্ঠানে রূপ দিতে সরকার কাজ করবে। এ জন্য ভারত, পাকিস্তান ও মালয়েশিয়াসহ কয়েকটি দেশের মডেল পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কার আনা হবে।

মন্ত্রী বলেন, ‘১৮ থেকে ২০ কোটি মানুষের এই দেশে হাজার হাজার পণ্যের মান নির্ধারণ, ট্রেসেবিলিটি নিশ্চিত করা এবং উৎপাদক, সরবরাহকারী ও ব্যবসায়ীদের সেই মানদণ্ডের প্রতি অনুগত রাখা একটি বড় চ্যালেঞ্জ। আর এই কাজের মূল নিয়ামক সংস্থা হলো বিএসটিআই।

তিনি আরও বলেন, আগামী দিনে বিএসটিআইকে আরও শক্তিশালী করতে প্রয়োজন অনুযায়ী জনবল বাড়ানো হবে এবং প্রতিষ্ঠানটিকে একটি সক্ষম ও কার্যকর সংস্থায় পরিণত করা হবে। দেশের প্রতিটি পণ্যের গুণগত মান আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে সরকার বড় পরিসরে কাজ শুরু করবে বলেও জানান তিনি।

বিএসটিআই মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. আবদুর রহিম খান।

এমএমআর

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]