বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তাইফুর আলম, সাধারণ সম্পাদক কবির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুলের বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।
শনিবার (৬ জুন) বিকেলে বুড়িচং প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে নেতারা বলেন, শনিবার দৈনিক আমার দেশ পত্রিকার অনলাইন সংস্করণে “কুমিল্লায় মাদককারবারীদের পক্ষে বিএনপি নেতার তদবিরের অভিযোগ” শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদে বুড়িচং উপজেলা বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে মাদক কারবারিদের পক্ষে তদবির করার অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ অসত্য, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তারা দাবি করেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন বলেন, “সংবাদে যে ব্যক্তির বক্তব্য বা রেফারেন্স উল্লেখ করা হয়েছে, তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। সংবাদটি প্রকাশের পর আমি তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করি। তিনি আমাকে স্পষ্টভাবে জানিয়েছেন যে, আমার সঙ্গে তার কখনো কথা হয়নি এবং কোনো ধরনের সাক্ষাৎও হয়নি। এ বিষয়ে আমাদের কথোপকথনের রেকর্ডও সংরক্ষিত রয়েছে। তাই সংবাদে প্রকাশিত তথ্যের কোনো সত্যতা নেই।”
তিনি আরও বলেন, সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট সাংবাদিক তাদের বক্তব্য নেওয়ারও প্রয়োজন মনে করেননি। একটি দায়িত্বশীল গণমাধ্যমের কাছে এমন আচরণ প্রত্যাশিত নয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অ্যাডভোকেট তাইফুর আলম বলেন, “গত ১৫ বছরে আমি কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক কারণে থানায় যাইনি। সম্প্রতি হুমায়ুন মেম্বার একটি প্রতারণা মামলায় গ্রেপ্তার হলে তার পরিবারের সদস্যদের অনুরোধে আইনজীবী হিসেবে মামলাটি পরিচালনা করি এবং আদালতের মাধ্যমে তিনি জামিন লাভ করেন। একজন আইনজীবী হিসেবে এটি ছিল আমার পেশাগত দায়িত্ব। কিন্তু ওই ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে মিথ্যা তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা হয়েছে।”
তিনি বলেন, “সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। তাই কোনো সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই-বাছাই করা অত্যন্ত জরুরি। আমরা আশা করি ভবিষ্যতে সংশ্লিষ্ট সাংবাদিক আরও সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করবেন।”
বিএনপির নেতারা অভিযোগ করেন, বুড়িচং উপজেলা বিএনপির আসন্ন কমিটি গঠনকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সংবাদটি সেই অপপ্রচারেরই অংশ বলে তারা মনে করেন।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল বলেন, “আমরা দীর্ঘদিন ধরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। দলের নীতিনির্ধারকদের নির্দেশনা অনুযায়ী এলাকায় মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছি। অথচ একটি মহল ঈর্ষান্বিত হয়ে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য মিথ্যা তথ্য সরবরাহ করে সংবাদ প্রকাশ করিয়েছে।”
তিনি দাবি করেন, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যেই এ ধরনের সংবাদ প্রচার করা হয়েছে এবং এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টিও তারা বিবেচনা করছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ, সদস্য সচিব দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. নজরুল ইসলাম ভূঁইয়া, বুড়িচং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন মেম্বার, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়াসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা অবিলম্বে প্রকাশিত সংবাদের সংশোধনী প্রকাশের দাবি জানান এবং ভবিষ্যতে যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানান।