​জলবায়ু মোকাবিলায় নজরুল স্মৃতি সংসদ ও যুব ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ০২:২৭:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ০২:২৭:৩৭ অপরাহ্ন

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং টেকসই পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বরিশালের বানারীপাড়া উপজেলায় একটি সফল বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্ম ক্লাইমেট অ্যাকশন (GETCA) প্রকল্পের আওতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস (NSS) ও ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলা যুব ফোরাম এই কর্মসূচির আয়োজন করে। আজ শনিবার (০৬ জুন ২০২৬) সকাল ১০.০০ ঘটিকায় বানারীপাড়া উপজেলার ব্রাহ্মণকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, বর্তমানে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ অন্যতম শীর্ষ ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে পরিচিত। বিশেষ করে ভৌগোলিক অবস্থান, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, খরা, ঝড়-জলোচ্ছ্বাস এবং লবণাক্ততার কারণে দক্ষিণাঞ্চলের প্রান্তিক মানুষ, নারী ও শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এই প্রেক্ষাপটে সুইডিশ দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে এবং জিএফএ কনসাল্টিং গ্রুপের কারিগরি সহায়তায় GETCA প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের মূল লক্ষ্য— এসডিজি ৫ (জেন্ডার সমতা) ও এসডিজি ১৩ (জলবায়ু কার্যক্রম) অর্জনে প্রান্তিক জনগোষ্ঠী, নারী ও যুবসমাজের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু সহনশীল একটি টেকসই মডেল তৈরি করা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে GETCA প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মোঃ জাহাঙ্গীর হোসাইন প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, প্রত্যাশিত ফলাফল এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের অপরিসীম গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা লোক মোর্চার সভাপতি জনাব মোঃ আবুল কালাম আজাদ বলেন, "জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতকরণে এনএসএস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের সচেতনতা বৃদ্ধি ও অধিকার রক্ষায় আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।" তিনি এনএসএস-কে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সিভিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ কাওসার হোসাইন বানারীপাড়ায় এই প্রকল্প চালুর জন্য এনএসএস ও ওয়েভ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। একই সাথে তিনি যুব ফোরামকে সমাজ উন্নয়ন ও মানবসেবা মূলক কাজে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বানারীপাড়া সদর ইউনিয়ন সিভিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান এবং মহিলা ইউপি সদস্য সন্ধ্যা রানীসহ সিভিক ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও স্থানীয় সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি, যুব প্রতিনিধি, ছাত্র এবং এলাকার গণ্যমান্য ও প্রান্তিক ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]