কুড়িগ্রামের ভূরূঙ্গামারী বাজারে ভয়াবহ আগুন, ১০৫ দোকান পুড়ে ছাই

আপলোড সময় : ০৫-০৬-২০২৬ ১০:০৬:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৬-২০২৬ ১০:০৬:৪৪ অপরাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বাজারের ফকিরহাটি পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৫ জুন) ভোর সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ কোটি টাকার মালামাল ও সম্পদের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে কাপড় পট্টির একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে এবং পুরো মার্কেট এলাকায় ভয়াবহ রূপ নেয়। খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে ততক্ষণে মার্কেটের ১০৫টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ এনামুল হক বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানানো হবে। ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫টি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। প্রাথমিকভাবে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]