স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত বৃদ্ধ আব্দুর রহিম আহম্মদ (৭৭) হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতারকৃতরা হলেন রফিক (৩২) ও কামরুল (২১)। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৪ জুন) গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (৫ জুন) দুপুরে র্যাব-১৪-এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব ও মামলার এজাহার সূত্রে জানা যায়, কেন্দুয়া উপজেলার বলাইশিমুল গ্রামের আব্দুর রহিম আহম্মদের পরিবারের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত ১৪ মে বিকেলে নিজ বাড়ির সংলগ্ন জমিতে গেলে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অভিযুক্তরা তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র ও লাঠিসোঁটার আঘাতে গুরুতর আহত হন আব্দুর রহিম।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছেলে মো. আসাদুজ্জামান পিন্টু বাদী হয়ে গত ১৯ মে কেন্দুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডের পর আসামিরা আত্মগোপনে চলে গেলে র্যাব-১৪ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৪-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল র্যাব-১-এর সহযোগিতায় টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাকসুদ বলেন, বলাইশিমুল গ্রামের বৃদ্ধ আব্দুর রহিম আহমেদ হত্যা মামলার দুই আসামি রফিক ও কামরুলকে র্যাব-১৪ এবং র্যাব-১-এর সহায়তায় গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকেলে তাদের নেত্রকোনার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।