কেন্দুয়ায় শিশুদের খেলাধুলার বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১

আপলোড সময় : ০৫-০৬-২০২৬ ০৭:৩০:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৬-২০২৬ ০৭:৩০:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে আহত জামাল মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার গণ্ডা ইউনিয়নের গণ্ডা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরে সুজন মিয়া ও জামাল মিয়ার পরিবারের দুই শিশুর মধ্যে খেলনা গাড়ি নিয়ে খেলার সময় কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি দুই পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনার সৃষ্টি করে। পরে তা সংঘর্ষে রূপ নিলে এক পর্যায়ে মাথায় লাটির আঘাতে জামাল মিয়া গুরুতর আহত হন। আহত অবস্থায় পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর আনুমানিক আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সুজন মিয়ার স্ত্রী অজু আক্তারকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তিনি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। অপরদিকে সুজন মিয়া ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তিনি আরও জানান, ঘটনাটির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]