পুলিশের ওপর হামলার অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার

আপলোড সময় : ০৫-০৬-২০২৬ ০৫:৫২:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৬-২০২৬ ০৫:৫২:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণার মদনে পুলিশের ওপর হামলার অভিযোগে সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়াকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত সৈয়দ মিঠু মদন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কান্দাপাড়া গ্রামের বাসিন্দা এবং সৈয়দ রঞ্জু মিয়ার ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম এ সিদ্ধান্ত অনুমোদন করেন। জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সৈয়দ মিঠুকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদল কোনো অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় দেয় না। অভিযোগ প্রমাণিত হলে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে দূরপাল্লার যাত্রীদের হয়রানির অভিযোগে পৌর শহরের কলেজ মোড় এলাকায় উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। এ সময় অভিযানে বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সৈয়দ মিঠুর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সংঘর্ষে দুই পুলিশ সদস্য-মো. ফরিদুল ইসলাম ও আতাউর রহমান আহত হন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম মুঠোফোনে বলেন,সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]