আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পৌর শহরের দীর্ঘদিনের যানজট, সড়ক দুর্ঘটনা ও জনদুর্ভোগ নিরসনে হেলিপ্যাড থেকে আমিনমোড় পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন, র্যালি ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে বাইপাস সড়ক বাস্তবায়ন কমিটির উদ্যোগে গুনাইগাছ মোড় থেকে একটি র্যালি বের হয়ে উলিপুর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, উলিপুর এখন গুরুত্বপূর্ণ যোগাযোগ ও বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হওয়ায় প্রতিদিন বিপুল সংখ্যক ভারী যানবাহন পৌর শহরের ভেতর দিয়ে চলাচল করছে। ফলে যানজট, দুর্ঘটনা ও জনদুর্ভোগ বাড়ছে।
প্রস্তাবিত বাইপাস সড়ক নির্মিত হলে ভারী যানবাহন শহর এড়িয়ে চলাচল করতে পারবে, কমবে যানজট ও দুর্ঘটনা, সহজ হবে যোগাযোগ ব্যবস্থা।
স্মারকলিপিতে দ্রুত ভূমি অধিগ্রহণ, নকশা প্রণয়ন এবং “উলিপুর বাইপাস সড়ক নির্মাণ প্রকল্প” বাস্তবায়নের দাবি জানানো হয়। বক্তারা জনস্বার্থে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।