মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গ্রাহকদের স্বার্থ রক্ষা, আমানতের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ব্যাংকের চলমান পরিস্থিতির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ জুন) দুপুরে উপজেলার নিমতলা মোড়ে ইসলামী ব্যাংক বাংলাদেশের সচেতন গ্রাহক ফোরাম, ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনায় বিভিন্ন অনিয়ম, গ্রাহকদের হয়রানি এবং ব্যাংকের স্থিতিশীলতা নিয়ে সৃষ্ট উদ্বেগের কারণে সাধারণ গ্রাহকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তারা ব্যাংকের আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, গ্রাহকবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার দাবি জানান।
বক্তারা আরও বলেন, দেশের অন্যতম বৃহৎ এই ব্যাংকের প্রতি জনগণের আস্থা অটুট রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে তারা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ঘোষিত কর্মসূচির প্রতিও সংহতি প্রকাশ করেন।
সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা ব্যাংকের সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান।