​পরিচ্ছন্নতা ও মানবিক সমাজ গঠনের প্রত্যয়ে কালীগঞ্জে বিডি ক্লিনের মানববন্ধন

আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০৬:০২:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০৬:০২:৩১ অপরাহ্ন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 

গাজীপুরের কালীগঞ্জে পরিচ্ছন্ন, মানবিক ও দায়িত্বশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন।

বিডি ক্লিনের প্রতিষ্ঠার দশম বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (৪ জুন) সকালে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন সংগঠনটির কালীগঞ্জ শাখার সদস্যরা। কালীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রায় তিন ঘণ্টাব্যাপী অবস্থান করে তারা জনসচেতনতামূলক বিভিন্ন বার্তা তুলে ধরেন এবং একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সরকারের প্রতি আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিডি ক্লিন কালীগঞ্জের সহ-সমন্বয়ক আশিক রহমান সৈকত, লজিস্টিক সমন্বয়ক হুমায়ূন করীমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, পরিচ্ছন্নতা কেবল পরিবেশের নয়, মানুষের চিন্তা-চেতনা ও আচরণেরও বিষয়। একটি উন্নত জাতি গঠনের জন্য পরিচ্ছন্ন মানসিকতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, মানবিক মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ববোধের বিকাশ জরুরি।

এ সময় তারা ১০ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলোর মধ্যে ছিল-পরিচ্ছন্ন মানসিকতার মানুষ গড়ে তোলা, মানুষের প্রতি মানুষের সম্মান নিশ্চিত করা, মানবিক ও দায়িত্বশীল বাংলাদেশ প্রতিষ্ঠা, ধর্ষণমুক্ত সমাজ গঠন, শব্দদূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করা, প্রতিহিংসামুক্ত সামাজিক সংস্কৃতি গড়ে তোলা, ভালোবাসা ও সম্প্রীতিতে সমৃদ্ধ দেশ বিনির্মাণ, ৩ জুনকে ‘পরিচ্ছন্ন দিবস’ হিসেবে স্বীকৃতি প্রদান এবং সর্বোপরি একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা।

বক্তারা বলেন, সামাজিক পরিবর্তনের জন্য শুধু সরকারি উদ্যোগই নয়, সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণও সমানভাবে প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

উল্লেখ্য, ২০১৬ সালের ৩ জুন প্রতিষ্ঠিত হওয়া বিডি ক্লিন দেশের বিভিন্ন অঞ্চলে পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]