​ছেলের বিরোধের জেরে কাঠুরে পিতাকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০২:৫০:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০২:৫০:৩১ অপরাহ্ন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বৌন্না এলাকায় এক কাঠুরেকে প্রকাশ্যে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের তীর উঠেছে ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার উদ্দিন নুহুর বিরুদ্ধে। এ ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে এলাকাজুড়ে আলোচনা চলছে।

জানা গেছে, গত সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে বৌন্না তিন রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনার একটি ভিডিও বুধবার (৩ জুন) রাত থেকে ফেসবুকে ব্যাপকভাবে প্রচার হতে শুরু করলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

ভাইরাল হওয়া ভিডিওতে বৌন্না এলাকার বাসিন্দা ও পেশায় কাঠুরে রফিকুল ইসলাম অভিযোগ করেন, তার ছেলের সঙ্গে অন্য এক ব্যক্তির বিরোধকে কেন্দ্র করে তাকে ঘটনাস্থলে ডেকে নেওয়া হয়। পরে ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার উদ্দিন নুহু ও তার সহযোগীরা তার ওপর হামলা চালিয়ে মারধর করেন।

রফিকুল ইসলামের দাবি, তিনি ওই বিরোধের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন না। তবুও ছেলের ঘটনার জেরে তাকে অন্যায়ভাবে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভুক্তভোগী দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নেছার উদ্দিন নুহু প্রথমে বলেন, “মারধর করছি, তো কী হয়েছে?” তবে পরে তিনি বক্তব্যে ভিন্নতা এনে বলেন, “আমি কাউকে মারধর করিনি। কেউ অভিযোগ করলেই তো সেটা সত্য হয়ে যায় না। সেখানে একটি ঝামেলা হয়েছিল, আমি উপস্থিত ছিলাম এবং পরে বিষয়টি মীমাংসা করে দিয়েছি।”

তিনি আরও বলেন, “যদি সত্যিই মারামারি হয়ে থাকে, তাহলে সেই ঘটনার ভিডিওও ভাইরাল হতো। আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তবে অভিযোগ করলেই কাউকে দোষী বলা যায় না।”

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]