রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক আটক, থানায় সোপর্দ

আপলোড সময় : ০২-০৬-২০২৬ ০৭:৩৯:২১ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৬-২০২৬ ০৭:৩৯:২১ অপরাহ্ন

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা বাজারে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে অনি সিকদার (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কেওতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেলে ভুক্তভোগী ব্যবসায়ী আবুল হোসেন তালুকদার রাজাপুর থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। আটক অনি সিকদার উপজেলার বাঘড়ি এলাকার শাহজাহান সিকদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের শুক্তাগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও প্লাস্টিক ব্যবসায়ী আবুল হোসেন তালুকদারের কাছে কয়েকদিন ধরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন অনি সিকদার। চাঁদার টাকা না দিলে তাকে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার সকালে দাবিকৃত চাঁদার অংশ হিসেবে ৫০ হাজার টাকা নিতে কেওতা বাজারে এলে স্থানীয় লোকজন ও ভুক্তভোগী তাকে আটক করেন।


পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে রাজাপুর থানার এসআই মো. সাইমন আব্দুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে অনি সিকদারকে হেফাজতে নেন। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং নম্বরবিহীন লাল-কালো রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। পরে পুলিশ আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায়।

রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, “চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় অনি সিকদার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বুধবার সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হবে।”

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]