নেত্রকোনায় পাওনা টাকার বিরোধে হামলা, গৃহবধূ নিহত

আপলোড সময় : ০২-০৬-২০২৬ ০২:০৮:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৬-২০২৬ ০২:০৮:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা পৌরশহরের কাটলী উত্তরপাড়া এলাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে সংঘটিত এক চাঞ্চল্যকর হামলায় মনোয়ারা বেগম (৫০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী আবুচান মিয়া ও ছেলে মুন্না (২২) গুরুতর আহত হয়েছেন। সোমবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে মসজিদ সংলগ্ন আবুচান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত প্রতিবেশী আব্দুর রশিদ (২৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, অভিযুক্ত আব্দুর রশিদ স্থানীয়ভাবে রিকশাচালক হিসেবে পরিচিত। বিভিন্ন সময়ে তিনি মনোয়ারা বেগমের কাছ থেকে ধার হিসেবে টাকা নিতেন। ঘটনার দিন সন্ধ্যায় বাড়িতে গিয়ে পানি পান করার কথা বলে তিনি ভুক্তভোগীদের ঘরে প্রবেশ করেন। পরিবারের দাবি, একপর্যায়ে রশিদ মনোয়ারা বেগমের কিশোরী মেয়ের সঙ্গে অশোভন আচরণ করেন। পরে মেয়েটি প্রাইভেট পড়তে বাইরে গেলে সুযোগ বুঝে ঘরে থাকা মনোয়ারা বেগমকে হত্যা করে মরদেহ খাটের নিচে লুকিয়ে রাখেন বলে অভিযোগ উঠেছে। এরপর বাড়িতে ফিরে আসা আবুচান মিয়া ও তার ছেলে মুন্নার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় মুন্নাকে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আবুচান মিয়া নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের মেয়ে এষা মনি বাড়িতে ফিরে বাবা ও ভাইকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে খাটের নিচ থেকে মায়ের মরদেহ উদ্ধার করেন। নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং অভিযুক্ত আব্দুর রশিদকে দ্রুত গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।তিনি আর জানিয়েছেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এর জন্য সিআইডি ও পিবিআইয়ের ফরেনসিক দল ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার ও তদন্ত কাজ শুরু করেছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]