মোঃ অপু খান চৌধুরী।।
শিক্ষার্থীদের আগামীর বাংলাদেশের কারিগর হিসেবে উল্লেখ করে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন। তিনি বলেন, স্বাস্থ্য, শিক্ষা ও মাদকের বিষয়ে আমার কোনো আপস নেই। মাদকের বিরুদ্ধে এক ইঞ্চি জায়গাও ছাড় দেওয়া হবে না।
গতকাল রবিবার (৩১ মে) দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা মিলনায়তনে আয়োজিত মাদকবিরোধী সেমিনার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ঢাকা’ (বাসেড) এই অনুষ্ঠানের আয়োজন করে।
হাজী জসিম উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাই। তোমরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের নেতৃত্বদানকারী।” ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বাসেডের প্রতিষ্ঠাতা ভিপি সরকার জহিরুল হক মিঠুন এর সার্বিক তত্ত্বাবধানে ও
বাসেড-এর সভাপতি আরাফাত হোসেনের সভাপতিত্বে এবং আসাদুজ্জামান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এ জি আজম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মহসিন কবির সরকার এবং সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাসেডের পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার আতাউর রহমান রুজেল, বিশিষ্ট শিক্ষানুরাগী মোশারফ হোসেন খান চৌধুরী, নাগাইশ সরকারি কলেজের অধ্যক্ষ খলিল উদ্দিন আকন্দ, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সম্রাট, অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন,ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাব সভাপতি এডভোকেট আবদুল আলীম খান, প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আহমেদ লাভলু, আলাউদ্দিন মুহাম্মদ, অ্যাডভোকেট আতিকুর রহমান ও বাসেডের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।