আদ্ দ্বীন হাসপাতালের ছাদে বেকারি দেখে ক্ষোভ ঝাড়লেন স্বাস্থ্যমন্ত্রী

আপলোড সময় : ৩০-০৫-২০২৬ ০৭:৫৪:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৫-২০২৬ ০৭:৫৪:৫৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক রাজধানীতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্তের অংশ হিসেবে আদ্-দ্বীন হাসপাতাল ও মেডিকেল কলেজ পরিদর্শনে গিয়ে মেডিকেল কলেজ ভবনের ছাদে একটি বেকারি কারখানা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। শনিবার (৩০ মে) বিকেল ৫টার দিকে মন্ত্রী হাসপাতাল ও সংশ্লিষ্ট স্থাপনাগুলো ঘুরে দেখেন। এ সময় তিনি মেডিকেল কলেজের সন্নিকটে থাকা বেকারি কারখানাটি পরিদর্শন করেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। এ সময় বেকারি স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তর, ভোক্তা অধিদপ্তর সহ যাবতীয় প্রতিষ্ঠান থেকে পাওয়া অনুমতিপত্র হাসপাতাল কর্তৃপক্ষকে আগামীকালের মধ্যে জমা দেওয়ার নির্দেশ প্রদান করেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, বেকারিটি আদ্-দ্বীন হাসপাতালের ভেতরে নয়, বরং আদ্-দ্বীন মেডিকেল কলেজের পাশে অবস্থিত। কারখানাটি থেকে রোগীদের জন্য খাবার প্রস্তুত ও সরবরাহ করা হতো। তবে স্থাপনাটি হাসপাতাল-সংলগ্ন হওয়ায় বিষয়টি নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। এর আগে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, নবজাতকদের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে আগামী ৩ জুনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনে কোনো অনিয়ম বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। রাজধানীর এই হাসপাতালে সম্প্রতি ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। ঘটনার কারণ অনুসন্ধানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত প্রতিবেদন প্রকাশের পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]