গোয়ালন্দে ২৬ কেজির বাঘাড় বিক্রি হলো ৫৭ হাজার টাকায়

আপলোড সময় : ৩০-০৫-২০২৬ ০৩:৫৩:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৫-২০২৬ ০৩:৫৩:১৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৬ কেজি ওজনের বড় একটি বাঘাড়। মাছটি ৫৭ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। শনিবার (৩০ মে) বেলা ১২টার দিকে অনলাইনের মাধ্যমে এক ইরাক প্রবাসী মাছটি কিনে নেন। এর আগে ভোর রাতে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে মমিন হালদারের জালে মাছটি ধরা পড়েছিল। পরে মোবাইলে যোগাযোগ করে জেলে মোমিন হালদারের কাছ থেকে মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ। স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, জেলে মোমিন হালদার সঙ্গীদের নিয়ে ইঞ্জিন চালিত ট্রলারে করে ভোর রাতে পদ্মা ও যমুনা নদীর মোহনায় মাছ ধরতে যান। সেসময় তার জালে এই ২৬ কেজি ওজনের বাঘাড় মাছটি আটকা পড়ে। পরে জেলে মোমিন হালদার আমার সাথে মাছটি বিক্রির জন্য মুঠোফোনে যোগাযোগ করেন। আজ সকালে মাছটি নিয়ে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে আসলে ২ হাজার টাকা কেজি দরে ৫২ হাজার টাকা দিয়ে মাছটি আমি কিনে নেই। মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ আরও বলেন, পরে আমি মাছটি বিক্রির জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করলে ইরাক প্রবাসী এক ভাইয়ের কাছে ২ হাজার ২০০ টাকা কেজি দরে ৫৭ হাজার ২০০ টাকায় বিক্রি করেছি। মাছটি ইরাক প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ডেলিভারি দেওয়া হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বাঘাড় মাছ ধরা নিষিদ্ধ হলেও মৎস্য আইনে এই মাছ ধরার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। এই মাছগুলো জেলেরা ভালো দামে বাজারে বিক্রি করতে পারে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]