নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতাকর্মীদের ‘বিএনপির ঈদ উপহার’ প্রদান, বনানীতে তুমুল সমালোচনা

আপলোড সময় : ৩০-০৫-২০২৬ ১২:০০:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৫-২০২৬ ১২:০০:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা ঢাকা-১৭ সংসদীয় আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বনানী থানা বিএনপির নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। তবে এই উপহার বিতরণকে কেন্দ্র করে স্থানীয় বিএনপিতে তীব্র ক্ষোভ ও তুমুল সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, প্রকৃত নেতাকর্মীদের বাদ দিয়ে বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মীকে বিএনপির পরিচয়ে এই ঈদ উপহার প্রদান করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বনানী থানা এলাকার দলীয় নেতাকর্মীদের ঈদ উপহার প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর একান্ত সচিব ও ঢাকা ১৭ আসনে তারেক রহমানের পক্ষে জনগণের প্রতিনিধি আব্দুর রহমান সানি এই উপহার বিতরণ কার্যক্রমের দায়িত্বে ছিলেন। কিন্তু উপহার বিতরণের পর বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়। উপহার গ্রহণকারীদের মধ্যে স্থানীয় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকজন পরিচিত মুখকে দেখা গেছে বলে দাবি করছেন তৃণমূলের কর্মীরা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন বনানী থানা বিএনপির কয়েকজন সক্রিয় কর্মী। উপহার বিতরণের একটি ছবি পোস্ট করে এক কর্মী লিখেছেন, "প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানি ভাইয়ের মাধ্যমে যে সমস্ত কর্মীরা বিএনপির পরিচয়ে উপহার গ্রহণ করেছেন, সেই সকল কর্মীদেরকে তিনি সঠিকভাবে সবাইকে চেনেন না। তাহলে এই সকল হাইব্রিড নেতা কর্মীদেরকে, কে পরিচয় করিয়ে দিচ্ছেন তার সাথে? আমি সানি ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, বনানী থানা বিএনপির শীর্ষ পদে যারা দায়িত্বে আছেন তাদেরকে ধরুন। তাহলে যার হাতে উপহারটা তুলে দিচ্ছেন উনি কে, তার পরিচয়টা আমি জানতে চাচ্ছি?" এই পোস্টের পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চলছে নানা গুঞ্জন। ক্ষুব্ধ কর্মীদের দাবি, যারা বিগত দিনে দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তারা অনেকেই এই উপহার পাননি। উল্টো দলের নাম ভাঙিয়ে এবং শীর্ষ নেতাদের চোখ ফাঁকি দিয়ে আওয়ামী লীগের ‘হাইব্রিড’ কর্মীরা প্রধানমন্ত্রীর ঈদ উপহার হাতিয়ে নিয়েছে। এর পেছনে বনানী থানা বিএনপির শীর্ষ পদের কোনো কোনো নেতার যোগসাজশ বা উদাসীনতা থাকতে পারে বলে ধারণা করছেন তারা। তৃণমূলের কর্মীরা মনে করছেন, দলের শীর্ষ নেতৃত্বের পাঠানো উপহার বিতরণে এই ধরণের অনিয়ম দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। একই সাথে দলের ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন করা হচ্ছে। তারা অবিলম্বে এই ঘটনার তদন্ত এবং এর পেছনে জড়িত ‘অনুপ্রবেশকারী’ বা দায়িত্বজ্ঞানহীন নেতাদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এই বিষয়ে জানতে বনানী থানা বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]