বোয়ালখালীতে হঠাৎ কালবৈশাখী শিশু,বৃদ্ধাসহ আহত ৯, ক্ষতিগ্রস্ত যানবাহন ও ঘরবাড়ী

আপলোড সময় : ২৮-০৫-২০২৬ ১১:১৫:২১ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৫-২০২৬ ১১:১৫:২১ অপরাহ্ন
এম মনির চৌধুরী রানা বোয়ালখালী উপজেলায় হঠাৎ আঘাত হানা ঘূর্ণিবাতাসে নারী ও শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। বুধবার (২৭ মে) বেলা ১১টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় তীব্র বাতাস ঝড়-তুফানে গাছ ও গাছের ডাল ভেঙে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আকস্মিক ঘূর্ণিবাতাসে পশ্চিম শাকপুরা, মীরপাড়া, আকুবদণ্ডী, গোমদণ্ডী ও সারোয়াতলীসহ বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়ে। এতে সড়কে থাকা টেক্সি, প্রাইভেট কার, সিএনজি ও মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়। কয়েকটি স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা কান্তা অধিকারী জানান, ঘূর্ণিঝড় ও বাতাসে আহত ৯ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহতরা হলেন আবু তৈয়ব (২৭) কধুরখীল এলাকার, আবু সৈয়দ সারোয়াতলীর খিতাবচর এলাকার, রিয়া উত্তর গোমদণ্ডীর এবং মো. আশরাফ সারোয়াতলীর বেঙ্গুরা এলাকার বাসিন্দা। এছাড়া অজয় শীল, ইয়াসমিন, অঞ্জু চৌধুরী ও মিসবাহ জামানসহ আরও কয়েকজন আহত হন। এদিকে বোয়ালখালী মেইন সড়কে গাছ পড়ে একটি সিএনজি ও একটি মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়। এতে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গাছ সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। স্থানীয়রা জানান, কয়েক মিনিটের এই ঘূর্ণিবাতাসে বিভিন্ন এলাকার ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রশাসন ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]