হবিগঞ্জ ছেলের আঘাতে পিতার মৃত্যু আটক ৩জন

আপলোড সময় : ২৭-০৫-২০২৬ ০৯:০৩:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৫-২০২৬ ০৯:০৩:২৯ অপরাহ্ন
লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি হবিগঞ্জ পৌরসভার অনন্তপুর এলাকায় পারিবারিক কলহের জেরে ছেলের আঘাতে আব্দুস শহীদ নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে পর্থিক মিয়াসহ পরিবারের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৭-মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে ২টার দিকে আব্দুস শহীদ ও তার স্ত্রীর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা বাকবিতণ্ডায় রূপ নেয়। এ সময় তাদের ছেলে পর্থিক মিয়া ঘটনাস্থলে এসে উত্তেজিত হয়ে পিতার মাথায় আঘাত করে। আঘাতে আব্দুস শহীদ মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত পর্থিক মিয়াসহ তার মা ও বোনকে আটক করে থানায় নিয়ে যায়। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার দেখানো হবে এবং জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে। পরিবারের অন্য সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ তার ভাইয়ের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]