বই পড়ে পুরস্কৃত হলেন অর্ধশতাধিক পাঠক

আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ১২:৩৬:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ১২:৩৬:১৩ পূর্বাহ্ন
 
 
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
 
বই পড়ার জন্য অর্ধশতাধিক বইপ্রেমী পাঠককে পুরস্কৃত করেছে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের হারুন পাঠাগার। সোমবার বিকালে গৌরীপুর পৌর শহরের স্বজন মিডিয়া সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে অর্ধশতাধিক বইপ্রেমী পাঠককে বই, ডায়েরি ও কলম উপহার দিয়ে পুরস্কৃত করা হয়।

রম্য লেখক সত্যজিৎ বিশ্বাস প্রধান অতিথি থেকে বইপ্রেমীদের হাতে উপহারের বই, ডায়েরি ও কলম তুলে দেন।
 
 
তিনি বলেন, ‘বই মানুষের জীবনের সর্বোত্তম বন্ধু। বইয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারলেই জ্ঞান আহরণ সহজ হয়ে উঠে।
আমাদের গৌরীপুরের হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা চা দোকানি হারুন মিয়া বইয়ের সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলতে  দোকানেই পাঠাগার গড়েছেন। আজকে নিজ পাঠাগারের অর্ধশতাধিক পাঠককে সম্মননা দিয়েছেন যা সত্যিই প্রশংসনীয়’।
 

সেরা পাঠক সম্মননা পাওয়া আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী শফিকুল ইসলাম বলেন, ‘ চা দোকানি হারুন ভাইয়ের দোকানে চা খেতে এসেই হারুন ভাইয়ের পাঠাগারের সদস্য হই। এরপর পাঠাগার থেকে নিয়মিতি বই বাসায় নিয়ে পড়ি এবং পড়া শেষে ফেরত দেই। এক বছর ধরে বই নিয়ে পড়তে পড়তে আমি সেরা পাঠকদের একজন হয়েছি এটা সত্যিই আনন্দের বিষয়’।
 

অনুষ্ঠানের সভাপতি ও হারুন পাঠাগারের পরিচালক চা দোকানি মো. হারুন মিয়া বলেন, ‘আমি চা বিক্রির পাশাপাশি দোকানেই পাঠাগার পরিচালনা করি গত এক বছরে যে সকল গ্রাহক প্রতি মাসে পাঠাগার থেকে কমপক্ষে ৬ টি বই নিয়ে পড়ে  ফেরত দিয়ে গেছে তাদের মধ্য থেকে বাছাই করে অর্ধশতাধিক গ্রাহককে পুরস্কৃত করেছি। মূলত তরুণ প্রজন্মকে বইমুখী করতেই আমি সেরা পাঠক সম্মাননা দিয়েছি।
 

গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য দেন, ভুটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, স্বজন সমাবেশের সভাপতি এমদাদুল হক, প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, সাংবাদিক হুমায়ুন কবির সুমন, রমজানুর আহমেদ নাজিম প্রমুখ।
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]