আহত সাংবাদিক রাশিদুল হাসানের আরোগ্য কামনা জামায়াতের

আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০৫:১১:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০৫:১১:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
মর্মান্তিক দুর্ঘটনায় আহত ‘দ্য ডেইলি স্টার’-এর জ্যেষ্ঠ প্রতিবেদক রাশিদুল হাসানের প্রতি গভীর সমবেদনা ও তার দ্রুত আরোগ্য কামনা করেছে জামায়াতে ইসলামী।

সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই সমবেদনা জানান।

বিবৃতিতে তিনি বলেন, গত রোববার দুপুরে কর্মস্থলে যাওয়ার পথে হাতিরঝিলের একটি স্পিড ব্রেকারে নিয়ন্ত্রণ হারিয়ে ‘দ্য ডেইলি স্টার’-এর জ্যেষ্ঠ প্রতিবেদক রাশিদুল হাসান গুরুতর দুর্ঘটনার শিকার হয়েছেন।

বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে ব্যথিত ও মর্মাহত।

তিনি আরো বলেন, আমরা জানতে পেরেছি, উক্ত স্পিড ব্রেকারটিতে কোনো সাদা প্রলেপ বা দূর থেকে দৃশ্যমান মার্কিং ছিল না। নগরীর ব্যস্ততম সড়কে এ ধরনের অনিরাপদ ও ত্রুটিপূর্ণ সড়ক ব্যবস্থাপনা অত্যন্ত উদ্বেগজনক।

আমরা অবিলম্বে রাজধানীর প্রতিটি সড়কের স্পিড ব্রেকারে যথাযথ মার্কিং নিশ্চিত করতে এবং নগরবাসীর নিরাপদ যাতায়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।

বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের বলেন, আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার দরবারে সাংবাদিক রাশিদুল হাসানের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি।

সেই সাথে তার পরিবার, সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি। আল্লাহ তায়ালা তাকে দ্রুত আরোগ্য দান করুন, আমীন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]