রাজাপুরে ভেকু মেশিনের ধাক্কায় ব্র্যাকের মাঠকর্মী নিহত

আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০২:৪০:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০২:৪০:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
ঝালকাঠির রাজাপুরে ভেকু মেশিনের ধাক্কায় মো. সিহাব উদ্দীন নামে ব্রাকের এক মাঠকর্মী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ রাজাপুর এলাকার খন্দকারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিহাব উদ্দীন বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের মো. মাকসুদুর রহমানের ছেলে। তিনি ব্রাকের ভান্ডারিয়া শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খাল খননের কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন রাস্তার পাশ থেকে মহাসড়কে উঠছিল। এ সময় মোটরসাইকেলে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন সিহাব উদ্দীন। ভেকু মেশিনের সামনের হাতা ঘুরে তার মাথায় সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার হেলমেট ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত লাগে।

স্থানীয়দের অভিযোগ, কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা বা নিয়ম না মেনেই ভেকু মেশিনটি মহাসড়কে তোলা হচ্ছিল। এতে মহাসড়কে চলাচলকারী যানবাহন ঝুঁকির মধ্যে পড়েছিল। তাদের দাবি, অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে দুর্ঘটনার পর ভেকু মেশিনের চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]