পশুর হাটে কঠোর নজরদারি: র‌্যাব মহাপরিচালক

আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০৯:৩৮:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০৯:৩৮:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ বলেছেন, কোরবানির পশুর হাটে ক্রেতাদের ভোগান্তি রোধে কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে বিশেষ নজরদারি রাখা হচ্ছে। পাশাপাশি নগদ লেনদেন পরিহার করে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে টাকা পরিশোধে উৎসাহিত করা হচ্ছে।

রোববার রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

র‌্যাবের মহাপরিচালক বলেন, জাল টাকা প্রতিরোধ ও শনাক্তে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখাসহ জাল টাকা উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন এবং পশুর হাটে কন্ট্রোল রুম বসানো হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে র‌্যাব।

তিনি আরও বলেন, গবাদি পশু নিরাপদে হাটে নিয়ে যাওয়া নিশ্চিত করতে র‌্যাবের সব ব্যাটালিয়ন তাদের নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করছে।

র‌্যাব মহাপরিচালক আরও বলেন, ঈদুল আজহা উপলক্ষ্যে বিভিন্ন শহরে জনসমাগম তুলনামূলকভাবে কমে যায়। এ সুযোগে অপরাধীরা যাতে পশু ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনতাই করতে না পারে, সেজন্য র‌্যাবের নিরাপত্তা চৌকির সংখ্যা ও টহল বৃদ্ধি করা হয়েছে। তিনি আরও বলেন, কোরবানির পশুবাহী যানবাহন জোরপূর্বক কোনও নির্দিষ্ট হাটে নিতে বাধ্য করা হলে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদ ও কোরবানিকে কেন্দ্র করে গুজব বা বিভ্রান্তিকর পোস্ট প্রচারকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এসময় তিনি হাটের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন। ব্রিফিংয়ে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]