সিলেটে নিরাপত্তায় ফেস রিকগনিশন প্রযুক্তি ব্যবহারের ঘোষণা

আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০৯:৩৪:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০৯:৩৪:১৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে ফেস রিকগনিশন প্রযুক্তিসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনার কথাও তিনি জানান।

রোববার (২৪ মে) সিলেট সিটি করপোরেশন নগর ভবনে ঈদুল আজহা উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে সংঘটিত বিভিন্ন অপরাধের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ঘাটতি নেই। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব, পুলিশ ও অন্যান্য বাহিনীর সমন্বয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, অপরাধ দমন ও অপরাধীদের দ্রুত শনাক্ত করতে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে আধুনিক ফেস রিকগনিশন ক্যামেরা স্থাপন করা হবে। প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানো হলে অপরাধ নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে।

ধর্ষণসহ সব ধরনের অপরাধের সুষ্ঠু বিচারিক প্রক্রিয়া শেষে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

তিনি জানান, আখাউড়া–সিলেট রেললাইন নির্মাণ কাজ শুরুর বিষয়ে মন্ত্রীসভায় নীতিগত সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি ঢাকা–সিলেট ও ঢাকা–চট্টগ্রাম রেল যোগাযোগ এবং সড়ক অবকাঠামো উন্নয়নে সরকার কাজ করছে।

আসন্ন ঈদকে সামনে রেখে চামড়া শিল্পের উন্নয়নে কওমি মাদ্রাসা, সিটি করপোরেশন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সহযোগিতা কামনা করেন বাণিজ্যমন্ত্রী।

এর আগে, সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ও বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত গাড়িচালকসহ মোট ১ হাজার ১৫৮ জন কর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৫ হাজার টাকা করে অনুদান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]