পদ্মার ৩৫ কেজি ওজনের বাঘাআইড় বি‌ক্রি ৬৫ হাজার টাকায়

আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০৮:১০:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০৮:১০:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীর মোহনায় জেলে খলিল হালদারের জালে ধরা পড়েছে সাড়ে ৩৫ কেজি ওজনের একটি বিশাল বাগাইড় মাছ। আকার ও ওজনের দিক থেকে বিরল হওয়ায় মাছটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

রোববার (২৪ মে) সকালে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট সংলগ্ন কলাবাগান এলাকায় পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটের রেজাউল মন্ডলের আড়তে আনা হলে সেখানে উন্মুক্ত নিলামের আয়োজন করা হয়। নিলামে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দরে মোট ৬০ হাজার ৩৫০ টাকায় মাছটি ক্রয় করেন।

পরবর্তীতে তিনি মাছটি সিলেটের এক কাতারপ্রবাসী ক্রেতার কাছে প্রতি কেজি ১ হাজার ৮৫০ টাকা দরে মোট ৬৫ হাজার ৫৭৫ টাকায় বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, মাছটি কেনার পর বিভিন্ন স্থানে যোগাযোগ করা হলে সিলেটের এক প্রবাসী ক্রেতা আগ্রহ প্রকাশ করেন এবং তার কাছেই মাছটি বিক্রি করা হয়।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, বর্ষা মৌসুমে পদ্মা নদীতে মাঝে মধ্যে বড় আকারের মাছ ধরা পড়ে। তবে বাগাইড় মাছ একটি বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত।

তিনি আরো বলেন, বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী বাগাইড় মাছ ধরা ও কেনাবেচা দণ্ডনীয় অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড হতে পারে। তবে আইনটি বন বিভাগের আওতাধীন হওয়ায় মৎস্য বিভাগ সরাসরি ব্যবস্থা গ্রহণ করতে পারে না।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]