ফিলিপাইনে নির্মাণাধীন ৯ তলা ভবন ধস, নিখোঁজ ২১

আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০৫:৪৩:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০৫:৪৩:১৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
ফিলিপাইনের রাজধানী ম্যানিলার উত্তরে অবস্থিত পাম্পাঙ্গা প্রদেশের অ্যাঞ্জেলেস সিটিতে নির্মাণাধীন একটি ৯ তলা ভবন ধসে অন্তত ২১ জন নিখোঁজ হয়েছেন। রোববার ভোরের আগে প্রবল বজ্রঝড়ের পর ভবনটি হঠাৎ ধসে পড়ে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে ব্যাপক অভিযান চালাচ্ছে পুলিশ, ফায়ার সার্ভিস ও দুর্যোগ মোকাবিলা দল। উদ্ধারকারীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের ভেতর থেকে মানুষের কণ্ঠস্বর শোনা যাচ্ছে, যা জীবিত থাকার আশার ইঙ্গিত দিচ্ছে।

পুলিশ ব্রিগেডিয়ার জেনারেল জেস মেন্ডেজ জানান, ভবন ধসের সময় সেখানে থাকা ২৪ জন শ্রমিক পালিয়ে যেতে সক্ষম হন অথবা উদ্ধার করা হয়। তবে তাদের কয়েকজন আহত হয়েছেন। এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

অ্যাঞ্জেলেস সিটির দুর্যোগ প্রশমন দপ্তরের প্রধান ফ্রান্সিস পাঙ্গিলিনান বলেন, নিখোঁজদের বেশিরভাগই ভবনটির নির্মাণশ্রমিক বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ভবন ধসের সময় ছিটকে পড়া ধ্বংসাবশেষে কাছাকাছি একটি আবাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এতে এক মালয়েশীয় পর্যটকসহ দুজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

উদ্ধারকারীরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে এবং প্রশিক্ষিত কুকুরের সহায়তায় ধ্বংসস্তূপে অনুসন্ধান চালাচ্ছেন। দেশটির জনপথ সচিব ভিনজন ডিজন বলেন, ধ্বংসস্তূপের নিচে জীবনের কিছু লক্ষণ পাওয়া যাচ্ছে। আমরা মানুষের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। তবে পুরো এলাকা অত্যন্ত অস্থিতিশীল হওয়ায় খুব সতর্কতার সঙ্গে উদ্ধারকাজ চালানো হচ্ছে।

উল্লেখ্য, অ্যাঞ্জেলেস সিটি একসময় যুক্তরাষ্ট্রের বৃহৎ বিমানঘাঁটির অন্যতম কেন্দ্র ছিল। বর্তমানে ক্লার্ক ফ্রিপোর্ট জোন হিসেবে পরিচিত এলাকাটি বাণিজ্য ও বিনোদনকেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি মেট্রো ম্যানিলা থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]