সারাদেশে ধর্ষণ-নিপীড়ন ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে রাঙ্গাবালীতে মানববন্ধন

আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ১১:৫৪:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ১১:৫৪:৩৮ অপরাহ্ন

‎
‎মোঃ কাওছার আহম্মেদ, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
‎
‎সারাদেশে নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন এবং সহিংসতার ঘটনার প্রতিবাদে পটুয়াখালীর রাঙ্গাবালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ এবং চট্টগ্রামে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনার বিচার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
‎
‎শনিবার (২৩ মে) সকালে রাঙ্গাবালী উপজেলা সদর বাহেরচর বাজারে জেন্ডার সমতা ও জলবায়ু জোট (জিকা) বাংলাদেশ, রাঙ্গাবালী শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‎
‎‘জাস্টিস ফর রামিসা’ স্লোগানে আয়োজিত কর্মসূচিতে নারী, তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
‎
‎মানববন্ধনে বক্তারা বলেন, দেশে ধারাবাহিকভাবে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটলেও অপরাধীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঘটছে। তারা শিশু রামিসা হত্যা ও ধর্ষণসহ সাম্প্রতিক সকল নারী-শিশু নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
‎
‎বক্তারা আরও বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগই নয়, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলাও জরুরি। অন্যথায় ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
‎
‎মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা নারী ও শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]