নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরা এলাকাধীন সকল স্তরের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে শনিবারে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। এ ক্যাম্পে কয়েক হাজার রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন এবং উপস্থিত থাকবেন অন্তত ৫০ জন বিশেষজ্ঞ চিকিৎসক।
শুক্রবার (২২ মে) বিকেলে রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরের আইএস উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিটি আমীর সেলিম উদ্দিন।
তিনি বলেন, বক্তৃতার জন্য রাজনীতি নয়, সেবার জন্য রাজনীতি হওয়া উচিত। জামায়াত বিগত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে চিকিৎসাসেবা প্রদান করে আসছে। বিভিন্ন হাসপাতালের সহযোগিতায় স্বল্প খরচে চিকিৎসাসেবা এবং স্বাস্থ্যসেবা কার্ডের মাধ্যমে বিশেষ ছাড়ে চিকিৎসার ব্যবস্থাও করে দিচ্ছে জামায়াত।
সেলিম উদ্দিন আরও জানান, ফ্রি মেডিকেল ক্যাম্পে গাইনী, চর্ম, মেডিসিন, চক্ষু ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের চিকিৎসাসেবা প্রদান করা হবে। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ঔষধও সরবরাহ করা হবে।
উল্লেখ্য, উন্মুক্ত এই ফ্রি মেডিকেল ক্যাম্প উত্তরার ৫ নম্বর সেক্টরের আইএস উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে শনিবার (২৩ মে) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।
এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামাল উদ্দিন, মাহবুবুল আলমসহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।