চৌগাছায় নিখোঁজের একদিন পর দর্জির লাশ উদ্ধার

আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০৭:০৯:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০৭:০৯:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
যশোরের চৌগাছা উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর কাজল কুমার ঘোষ (৪৬) নামে এক দর্জির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার ফুলসারা ইউনিয়নের জামিরা গ্রামের কালিমন্দির সংলগ্ন খালের পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত কাজল কুমার ঘোষ একই গ্রামের মৃত কালিদাস ঘোষের ছেলে। তিনি স্থানীয়ভাবে টেইলার্সের দোকানে দর্জির কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে এলাকার মাসুম নামের এক ব্যক্তি মন্দিরের পাশে তাল কাটতে গাছে ওঠেন। এ সময় তিনি নিচের দিক থেকে মোবাইল ফোনের রিংটোনের শব্দ শুনতে পান। পরে গাছ থেকে নেমে খালের পাশে গিয়ে একজনের লাশ পড়ে থাকতে দেখেন। বিষয়টি বুঝতে পেরে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং পুলিশে খবর দেয়।

খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহতের স্ত্রী রুপা ঘোষ জানান, গত ২১ মে সকাল ৯টার দিকে কাজল বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি রক্তাক্ত লাশটি তার স্বামী কাজলের বলে শনাক্ত করেন।

নিহতের দুই মেয়ে কোয়েল ঘোষ ও কথা ঘোষ বাবার মৃত্যুর খবরে ভেঙে পড়েছে।

চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ বলেন, “মৃত্যুর সঠিক কারণ এখনই বলা যাচ্ছে না। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]