তিন কোম্পানির চেয়ারম্যানসহ কর্মকর্তাদের আর্থিক জরিমানা

আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৭:৪৫:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৭:৪৫:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
সিকিউরিটিজ আইনভঙ্গ করার দায়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির চেয়ারম্যান, পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার বিএসইসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ১৯ মে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।

খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের: ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীতে মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে কোম্পানির চেয়ারম্যান মো. এনামুল কবির খান, ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল কবির খান এবং তিন পরিচালক রুহুল কবির খান, হযরত আলী, জেরিন কবির খান প্রত্যেককে ২৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া চিফ ফিন্যান্সিয়াল অফিসার আজিজুল জাব্বারকে ১০ লাখ টাকা ও কোম্পানি সচিব তপন কুমার সরকারকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জেনেক্স ইনফোসিস: ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থ বছরের জন্য ঘোষিত ৩ শতাংশ নগদ লভ্যাংশ নির্ধারিত সময়ে বিনিয়োগকারীদের প্রদান না করায় কোম্পানির চেয়ারম্যান আদনান ইমাম, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শাহজালাল উদ্দিন, চার পরিচালক চৌধুরী ফজলে ইমাম, প্রিন্স মজুমদার, ওরাকল সার্ভিসেস, নিলোফার ইমাম, তৎকালীন সিএফও (নাম উল্লেখ নেই) ও তৎকালীন কোম্পানি সচিব (নাম উল্লেখ নেই)—প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

৩. আফতাব অটোমোবাইলস: ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থ বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করলেও কোম্পানিটি তা পূর্ণাঙ্গভাবে পরিশোধ করতে ব্যর্থ হয়েছে। আদেশ জারির ৩০ দিনের মধ্যে বকেয়া লভ্যাংশ পরিশোধ করতে হবে।

নির্ধারিত সময়ে পরিশোধে ব্যর্থ হলে কোম্পানির চেয়ারম্যান শফিউল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলামকে ৩০ লাখ টাকা করে এবং পরিচালক খালেদা ইসলাম, সাজেদুল ইসলাম, ফারহানা ইসলাম প্রত্যেককে ২০ লাখ টাকা করে জরিমানা গুনতে হবে। এছাড়া তৎকালীন সিএফওকে (নাম উল্লেখ নেই) ১০ লাখ টাকা এবং কোম্পানি সচিবকে ৫ লাখ টাকা জরিমানা দিতে হবে। এছাড়া লভ্যাংশ পরিশোধে বিলম্বের জন্য প্রতিদিন অতিরিক্ত ১০ হাজার টাকা করে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশন সভায়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]