হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৬:৪৮:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৬:৪৮:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুর থানার ট্রাক চালক হোসেন হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৫ জুন দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চার নম্বর বিশেষ জজ রবিউল আলমের আদালত এ আদেশ দেন।

এদিন মামলাটিতে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ছিল। কারাগারে থাকা সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে আদালতে হাজির করা হয়। সকাল সাড়ে ৯ টার দিকে প্রিজনভ্যান থেকে নেমে পলক সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, হাসপাতাল থেকে আসছি, দোয়া করবেন।

এ মামলায় বদিউল আলম নামে এক আসামি জামিনে ছিলেন। সম্প্রতি তিনি অন্য এক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তাকে এ মামলায় হাজির করতে হাজতি পরোয়ানার (প্রোডাকশন ওয়ারেন্ট) আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী। তিনি অভিযোগ গঠনের শুনানি পেছাতেও আবেদন করেন। শুনানি শেষে নতুন ওই দিন ধার্য করেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাক চালক মো. হোসেন। এ ঘটনায় ওই বছরের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন নিহতের মা রীনা বেগম। পরে ২০২৫ সালের ২৩ নভেম্বর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালত অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আকরামুজ্জামান।

এ মামলায় শেখ হাসিনাসহ ২০ জন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।

হাসিনা ছাড়াও এ মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান, নুর মোহাম্মদ সেন্টু। এ মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজন কারাগারে রয়েছেন। আর জামিনে আছেন ১০ আসামি।









 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]