পুলিশ বক্সের সামনে প্রাণ গেল মাস্টার্স শিক্ষার্থীর

আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৬:৪০:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৬:৪০:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বিমানবন্দর সড়কের কার্গোগেট এলাকায় পুলিশ বক্সের সামনে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মো. রিয়াদ হোসেন হৃদয় (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি বাবার প্রাইভেটকার চালিয়ে উবারে কাজ করতেন।

বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারী শওকত তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

নিহত রিয়াদ ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘুষগাঁও গ্রামের সাইদুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। সেখানে রিয়াদের ফুপা এম আর শাওন জানান, রিয়াদ মোহাম্মদপুরের হাজী মকবুল ডিগ্রি কলেজে মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন। সংসারে সহায়তা করতে পড়াশোনার পাশাপাশি উবার চালাতেন তিনি।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, বিমানবন্দর সড়কে যাত্রী নামানোর জন্য গাড়ি থামিয়ে পেছনের দরজা খুলে দেন রিয়াদ। যাত্রী নামার পর পুনরায় গাড়িতে উঠতে গেলে পাশ দিয়ে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]