সিলেটের ভোলাগঞ্জ-ছনবাড়ী সড়কে ভোগান্তির শেষ নেই

আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৩:৫২:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৩:৫২:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ-শাহ আরেফিন-ছনবাড়ী খানাখন্দে ভরা তিন কিলোমিটার রাস্তা সুনামগঞ্জের সঙ্গে যোগাযোগের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ প্রায় দেড় ধরে বড় বড় খানাখন্দে ভরা এই রাস্তা দেখে বোঝার উপায় নেই—এটি গাড়ি চলাচলের সড়ক। বিকল্প কোনো পথ না থাকায় ওই এলাকার প্রায় লক্ষাধিক মানুষের চলাচলের একমাত্র ভরসা এই সড়ক। এ পথ দিয়ে যাত্রী নিয়ে যাওয়ার সময় প্রায়ই গাড়ির ইঞ্জিনে পানি ঢুকে বিকল হয়ে যায়। ফলে এ সড়কে চলাচল করতে চালক ও যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

কোম্পানীগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অফিস থেকে ইতোমধ্যে ভোলাগঞ্জ-শাহ আরেফিন-ছনবাড়ী রাস্তার ৩ দশমিক ৩ কিলোমিটারের জন্য প্রায় ১৩ কোটি টাকা ব্যয় ধরে একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

ইতোমধ্যে সুনামগঞ্জের ছাতক উপজেলার সুনাই নদীর উপর একটি সেতু নির্মাণ করা হয়েছে, যা সিলেট ও সুনামগঞ্জ দুই জেলাকে সংযুক্ত করেছে। কিন্তু এই তিন কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী থাকায় সেতু দিয়েও তেমন কোনো গাড়ি চলাচল করে না। সেতুর সুফল ভোগ করতে পারছেন না এলাকার মানুষ।

ভোলাগঞ্জ থেকে ছনবাড়ী পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা। এরই মধ্যে ২ দশমিক ২ কিলোমিটার রাস্তা ২০২৩-২৪ সালে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ করা হয়েছে। বাকি ৩ দশমিক ৩ কিলোমিটার রাস্তা এখন শাহ আরেফিন, ছনবাড়ী ও ছাতক উপজেলার মানুষের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এ রাস্তার বাবুল নগর থেকে ছনবাড়ী স্কুল পর্যন্ত ছোট-বড় শতাধিক গর্ত রয়েছে। অনেক গর্তে দু-তিন ফুট পর্যন্ত পানি জমে আছে। দেখে বোঝার উপায় নেই, এটা নৌকা নাকি গাড়ি চলাচলের রাস্তা। অনেক গাড়ি এই পানির মধ্য দিয়েই যাত্রী নিয়ে যাতায়াত করছে।

স্থানীয়রা জানান, একটু বৃষ্টি হলেই এই রাস্তায় গাড়ি চলাচল করতে পারে না। বিকল্প কোনো রাস্তা না থাকায় পায়ে হেঁটে হলেও তাদের এই রাস্তা ব্যবহার করতে হয়। স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী ও অসুস্থ রোগীদের নিয়ে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়। সময়মতো পাওয়া যায় না কোনো ধরনের যানবাহন।

কোম্পানীগঞ্জ উপজেলা এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী আসিফ খান রাবি জানান, ‘এই রাস্তাটি নির্মাণের জন্য আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। তাছাড়া রাস্তাটির বিষয়ে স্থানীয় এমপি ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবগত আছেন। তিনিও নির্দেশ দিয়েছেন, অন্য যেকোনো প্রকল্পের চেয়ে এই রাস্তাটির কাজ যাতে দ্রুত বাস্তবায়ন করা হয়।’

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]