‘আপনি আর বেশি দিন নাই’ রাবিতে প্রভোস্টকে ছাত্রদল নেতা

আপলোড সময় : ২১-০৫-২০২৬ ১১:৪১:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৫-২০২৬ ১১:৪১:১৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হল প্রাধ্যক্ষকে মুঠোফোনে হুমকি ও হলের আসন দখলের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের সভাপতি মুরাদ হোসেনের বিরুদ্ধে। অনুমতি ছাড়া হলের একটি কক্ষে দুজন অনাবাসিক শিক্ষার্থীকে তোলায় প্রাধ্যক্ষ কক্ষে তালা ঝুলিয়ে দিলে এ হুমকির ঘটনা ঘটে।

প্রাধ্যক্ষ মো. আতাউল্যাহর দাবি, ৩০ মিনিটের মধ্যে তালা না খুললে তা ভেঙে ফেলার হুমকি দেন ছাত্রদল নেতা মুরাদ হোসেন। গতকাল মঙ্গলবার মুঠোফোনে তিনি এ হুমকি দেন। পরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কক্ষের তালা খুলে দেওয়া হয় বলে জানিয়েছেন প্রাধ্যক্ষ।

হল সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রাধ্যক্ষের অনুমতি ছাড়াই দুই অনাবাসিক শিক্ষার্থীকে হলের ১৫৮ নম্বর কক্ষে তোলেন ছাত্রদল নেতা মুরাদ হোসেন। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার দুই শিক্ষার্থীকে নিজ কার্যালয়ে ডেকে পাঠান প্রাধ্যক্ষ। তবে তারা দেখা না করে কক্ষে তালা দিয়ে হলের বাইরে চলে যান। পরে প্রাধ্যক্ষের নির্দেশে হলের কর্মচারীরা কক্ষে আরেকটি তালা ঝুলিয়ে দেন।

ঘটনার বিবরণ দিয়ে প্রাধ্যক্ষ আতাউল্যাহ বলেন, কয়েক দিন ধরেই তিনি শুনছিলেন, কিছু অনাবাসিক শিক্ষার্থীকে ওই কক্ষে রাখা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করে নিয়মানুযায়ী কক্ষে তালা দেওয়ার নির্দেশ দেন।

তিনি আরও বলেন, মঙ্গলবার বেলা আড়াইটা থেকে তিনটার মধ্যে একটি অপরিচিত নম্বর থেকে তাঁর ফোনে কল আসে। ফোনদাতা নিজেকে লতিফ হল ছাত্রদলের সভাপতি মুরাদ হোসেন পরিচয় দিয়ে বলেন, ‘ওই শিক্ষার্থীদের তিনিই কক্ষে উঠিয়েছেন। আপনি রুম খুলে দেবেন কি না, এইটা বলেন। আপনাকে আধা ঘণ্টা সময় দিলাম। তালা খুলে দিলে দেন, না হলে আমি গিয়ে তালা ভেঙে ফেলব।’ কথা বলার এক পর্যায়ে তিনি বলেন, ‘আপনি তো আর বেশি দিন নাই স্যার।’

হুমকির পর তালা খুলে দেওয়ার বিষয়ে প্রাধ্যক্ষ বলেন, বিষয়টি নিয়ে হলে উত্তেজনা তৈরি হতে পারে বলে তিনি আশঙ্কা করেছিলেন। এ কারণে পরে কর্মচারীদের দিয়ে তালা খুলে দেওয়া হয়। একই সঙ্গে বিষয়টি প্রাধ্যক্ষ পরিষদের সভায় উপস্থাপন করা হয়েছে। তিনি আরও বলেন, প্রাধ্যক্ষ পরিষদ ঘটনার নিন্দা জানিয়েছে। ২৫ মে পাকিস্তান সফর শেষে উপাচার্য দেশে ফিরলে তার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হবে।

বুধবার সরেজমিনে দেখা যায়, ১৫৮ নম্বর কক্ষে দুই শিক্ষার্থী অবস্থান করছেন। তাদের একজন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কামরুজ্জামান ও অন্যজন আরবি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাবিদ।

অভিযোগের বিষয়ে মুরাদ হোসেনের মুঠোফোনে কল করলে তিনি বলেন, ‘আমি ক্যাম্পাসের বাইরে একটা কাজে ব্যস্ত আছি। ক্যাম্পাসে ফিরে আপনাদের বিস্তারিত বলব।’

যোগাযোগ করলে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, কিছুক্ষণ আগে এক সাংবাদিকের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন। এ ব্যাপারে মুরাদের ভাষ্য, তিনি কাউকে ফোন দিয়ে হুমকি দেননি। কোনো শিক্ষার্থীকেও হলে তোলেননি। তার পরও কেন তার নাম এসেছে, তিনি জানেন না। এরপরও হল প্রাধ্যক্ষ লিখিত অভিযোগ দিলে যাচাই-বাছাই করা হবে। এ ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপ-উপাচার্য মাঈন উদ্দীন বলেন, দীর্ঘদিন পর আবাসিক হলে একটি সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনা হয়েছে। এর ব্যত্যয় ঘটুক, তা তারা কোনোভাবেই চান না। হল প্রাধ্যক্ষ উপাচার্য বরাবর লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন। উপাচার্য দেশে ফিরলে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।














 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]