ব্যাটারদের প্রশংসায় আশরাফুল, ‘নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে’

আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০৮:০৯:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০৮:০৯:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
পাকিস্তানকে সিলেট টেস্টে হারিয়ে ২-০ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জয় পেয়েছে বাংলাদেশ। এই সাফল্যের পর দলের ব্যাটারদের ধারাবাহিক পারফরম্যান্সের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।

ফেসবুক পোস্টে আশরাফুল লিখেছেন, গত ছয় মাসে বাংলাদেশের ব্যাটাররা যেভাবে ২২ গজে আধিপত্য দেখিয়েছে, তা ছিল “অনবদ্য”। তিনি জানান, আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে শেষ চার টেস্টে বাংলাদেশ পেয়েছে ৭টি সেঞ্চুরি ও ১৪টি ফিফটি। এর মধ্যে মুমিনুল হকের টানা পাঁচ ইনিংসে পাঁচ ফিফটির কীর্তিকে আলাদা করে উল্লেখ করেছেন তিনি।

শুধু টেস্ট ক্রিকেট নয়, সীমিত ওভারের ক্রিকেটেও ব্যাটারদের পারফরম্যান্সে মুগ্ধ সাবেক এই অধিনায়ক। তার তথ্য অনুযায়ী, শেষ ছয় ওয়ানডেতে বাংলাদেশ পেয়েছে ২টি সেঞ্চুরি ও ৬টি ফিফটি। আর টি-টোয়েন্টিতে পাঁচ ম্যাচে এসেছে ৪টি অর্ধশতক। বিশেষ করে তাওহীদ হৃদয়ের ৮৩ রানের ইনিংসকে অন্যতম সেরা বলে উল্লেখ করেছেন আশরাফুল।

দলের এই পরিবর্তনের অংশ হতে পেরে নিজের অনুভূতির কথাও জানিয়েছেন তিনি। আশরাফুল লিখেছেন, দলের সঙ্গে নেপথ্যে কাজ করতে পারা এবং এই যাত্রার অংশ হওয়া তার জন্য সৌভাগ্যের বিষয়। টাইগারদের বর্তমান দারুণ ফর্মে নিজেকে “ভাগ্যবান মানুষ” বলেও উল্লেখ করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

সবশেষে বাংলাদেশের ক্রিকেট আরও এগিয়ে যাক—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন আশরাফুল।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]