ভুলের মাশুল গুনেই সিরিজ হার পাকিস্তানের, বলছেন শান মাসুদ

আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০৮:০১:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০৮:০৩:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর হতাশা লুকাতে পারেননি পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। সিলেট টেস্ট শেষে তিনি স্বীকার করেছেন, টেস্ট ক্রিকেটে ছোট ছোট ভুলই বড় ব্যবধান গড়ে দেয়, আর সেই ভুলেরই শাস্তি পেয়েছে তার দল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান বলেন, টেস্ট ক্রিকেট এমন এক ফরম্যাট যেখানে সামান্য ভুলও বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তার ভাষায়, ‘টেস্ট ক্রিকেটে আপনি যেকোনো ভুলের জন্যই শাস্তি পাবেন। এই ফরম্যাট খুবই কঠিন এবং এখানে সবসময় সেরাদের সেরারাই খেলে। সহজ কোনো ম্যাচ নেই। ফল পেতে হলে কঠোর পরিশ্রম করতে হয়।’

পুরো সিরিজে পাকিস্তান বেশ কয়েকবার ভালো অবস্থানে গিয়েও ম্যাচ নিজেদের করে নিতে পারেনি। এটাকেই বড় আক্ষেপ হিসেবে দেখছেন পাকিস্তান অধিনায়ক। তিনি মনে করেন, দল ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়েছে।

শান বলেন, ‘আমরা নিজেদের ভালো অবস্থানে নিয়ে গিয়েছিলাম। খুব কম ম্যাচেই আমরা পুরোপুরি প্রতিপক্ষের কাছে হার মেনেছি। কিন্তু বেশিরভাগ ম্যাচেই এমন জায়গায় থেকেছি, যেখান থেকে ম্যাচ ভালোভাবে শেষ করতে পারিনি।’

বিশেষ করে বোলিং ও ফিল্ডিংয়ে ধারাবাহিকতার অভাবকেই বড় সমস্যা হিসেবে দেখছেন তিনি। পাঁচ দিনের ক্রিকেটে একই তীব্রতা ধরে রাখাই এখন পাকিস্তানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন শান।

বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ হার পাকিস্তানের জন্য শুধু হতাশার নয়, আত্মসমালোচনারও বড় উপলক্ষ হয়ে এসেছে। অন্যদিকে টানা দ্বিতীয়বার পাকিস্তানকে ধবলধোলাই করে নতুন উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]