পটিয়ায় ৩০ মণের আদরের দাম ১০ লাখ টাকা

আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০৬:৩৪:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০৬:৩৪:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
ঈদুল আযহাকে ঈদকে সামনে রেখে জনপ্রিয় হয়ে উঠছে বিভিন্ন এগ্রো ফার্ম। খামারিদের যত্নে লালন-পালন করা দেশি ও বিদেশি জাতের গরু দেখতে প্রতিদিনই ভিড় করছেন ক্রেতা-দর্শনার্থীরা। চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাট জিরি মাদ্রাসা রোড সংলগ্ন এলাকায় গড়ে ওঠা ‘একে সাফা এগ্রো’ তেমনি একটি জনপ্রিয় খামার। আর এই খামারের সবচেয়ে বড় আকর্ষণ ৩০ মণ ওজনের বিশালাকৃতির গরু ‘আদর’।

জানা যায়, আদর নামের গরুটির দাম হাঁকানো হয়েছে ১০ লাখ টাকা। ইতিমধ্যে কয়েকজন ক্রেতা ৯ লাখ টাকারও বেশি দাম প্রস্তাব দিলেও খামার কর্তৃপক্ষ ১০ লাখ টাকার নিচে বিক্রি করতে রাজি নন। উদ্যোক্তা আবদুল কাদের, কাইছার আলমসহ কয়েকজন মিলে একে সাফা এগ্রো ফার্মটি গড়ে তুলেছেন।

একে সাফা এগ্রোর উদ্যোক্তা পরিচালক আবদুল কাদের জানান, গরুটি স্বভাবসুলভ শান্ত ও মায়াবী হওয়ায় এর নাম রাখা হয়েছে আদর। প্রায় এক বছর ধরে বিশেষ পরিচর্যা ও প্রাকৃতিক খাবার খাইয়ে গরুটিকে লালন-পালন করা হয়েছে। অনেকে ৯ লাখ টাকার বেশি দাম বলেছেন। তবে আমরা ১০ লাখ টাকার নিচে বিক্রি করতে চাই না। প্রয়োজন হলে পরবর্তী বছরের জন্যও আমরা গরুটিকে প্রস্তুত রাখব।

তিনি আরও জানান, দীর্ঘ ১১ বছর ধরে তিনি এগ্রো ফার্মের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তার খামারে শুধু আদর নয়, দেশি ও বিভিন্ন উন্নতজাতের শতাধিক গরু রয়েছে। আসন্ন কুরবানির ঈদ উপলক্ষে এসব গরু প্রস্তুত করা হয়েছে।

খামারটি ঘুরে দেখা যায়, প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ বড় গরু দেখতে আসছেন। তন্মধ্যে ‘আদর’ গরুটি সবার নজর কাড়ছে। খামার কর্তৃপক্ষের আশা, এবারের ঈদে তাদের ফার্মের গরুর চাহিদা আরও বাড়বে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]