বিজিবির কাছে জেএসএসের দুই সদস্যের আত্মসমর্পণ

আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০২:০৯:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০২:০৯:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
খাগড়াছড়ির পানছড়িতে অস্ত্র ও গোলাবারুদসহ জনসংহতি সমিতি-জেএসএস (মূল) দলের দুই সশস্ত্র সদস্য বিজিবির কাছে আত্মসমর্পণ করেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে তারা স্বেচ্ছায় সীমান্তরক্ষী বাহিনীর কাছে আত্মসমর্পণ করে বলে জানা গেছে।

 
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে খাগড়াছড়ি জেলার পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধীন ট্রিগহাইট বিওপির কমান্ডারের কাছে জেএসএস (মূল) দলের দুই সদস্য অস্ত্রসহ আত্মসমর্পণ করেন। পরে সকালে ব্যাটালিয়নের একটি দল প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ট্রিগহাইট বিওপিতে পৌঁছে আত্মসমর্পণকারী দু’জনকে অস্ত্র ও সরঞ্জামাদিসহ পানছড়ি ব্যাটালিয়ন সদরে নিয়ে আসে।


আত্মসমর্পণকারীরা হলেন—রিদয় চাকমা (১৯)। তিনি রাঙামাটির সাজেক এলাকার ইন্দ্র কুমার চাকমার ছেলে। অপরজন রিয়েল চাকমা (২১), খাগড়াছড়ির পানছড়ি উপজেলার আলিচান পাড়ার বাসিন্দা এবং রুপায়ন চাকমার ছেলে। তাদের কাছ থেকে পাওয়া আলামতের মধ্যে রয়েছে একটি এম-ফোর-এ-ওয়ান (M4A1) রাইফেল, একটি শটগান, ২৫২ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, দুটি ইউনিফর্ম, দুটি পোচেস, দুটি স্লিং এবং তিনটি মোবাইল ফোন। উদ্ধার হওয়া মোবাইলগুলোর মধ্যে একটি অ্যান্ড্রয়েড ফোন ও দুটি বাটন ফোন রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পার্বত্য অঞ্চলে সশস্ত্র তৎপরতা নিয়ন্ত্রণ এবং শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির চলমান তৎপরতার অংশ হিসেবে এ আত্মসমর্পণের ঘটনা গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। আত্মসমর্পণকারী দুই ব্যক্তি এবং উদ্ধার হওয়া অস্ত্র-সরঞ্জামাদি নিয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]