রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হন তাঁর স্ত্রী।
মঙ্গলবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে চৌড়হাস পৌর টার্মিনাল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, রাস্তা পারাপারের সময় কুষ্টিয়া থেকে ঢাকাগামী এফ.কে সুপার ডিলাক্সের একটি বাস বৃদ্ধ দম্পতিকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধকে মৃত ঘোষণা করেন। আহত স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই চালক বাসটি নিয়ে পালিয়ে যায়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হোসেন জানান, হাসপাতালের আসার আগেই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাঁর স্ত্রী চিকিৎসাধীন। দু'জনেই মাথায় আঘাত পেয়েছেন। জানতে পেরেছে, তাঁদের বাড়ি খোকসা উপজেলায়। তাদের স্বজনরা রওনা দিয়েছেন। পৌঁছলে পরিচয় নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।