শেবাচিমে হামে আরও দুই শিশুর মৃত্যু

আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০৫:৫১:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০৫:৫১:৫৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে শেবাচিম হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।

সর্বশেষ মারা যাওয়া দুই শিশু হলো—পটুয়াখালীর দুমকি উপজেলার দুর্গাপুর এলাকার বাসিন্দা সোহাগ খানের দুই বছর বয়সী ছেলে জিহাদ এবং ভোলার চরফ্যাশনের উত্তর চর আইচা গ্রামের হাসানের সাত মাস বয়সী কন্যাশিশু হাবিবা।

শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীর জানান, হামজনিত জটিলতা থেকে মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশু দুটির মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ২৮৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ৫২ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৯৮ জন রোগী।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ লোকমান হাকিম জানান, বরিশাল বিভাগে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে ৩৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে মারা গেছে আরও তিন শিশু।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ১৪৭ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছে ১৪০ জন। বর্তমানে বিভাগজুড়ে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯৫০ জনে। এর মধ্যে ১৭৫ জনের হাম রোগ নিশ্চিত হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]