দুর্যোগে সবার আগে পাশে দাঁড়ায় ফায়ার সার্ভিস: স্বরাষ্ট্রমন্ত্রী

আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০১:৫৬:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০১:৫৬:১৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
দুর্যোগ-দুর্ঘটনায় সাহস, পেশাদারিত্ব ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইতোমধ্যে জাতির আস্থা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, যে কোনো দুর্যোগে বিপদে পড়া মানুষের পাশে প্রথম ছুটে যাওয়া এই বাহিনী শুধু একটি জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান নয়, এটি জাতির গর্বের প্রতীক। মানুষের জীবন ও সম্পদ রক্ষায় তাদের এই নিরলস আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণার।

মঙ্গলবার নারায়ণগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং গ্রাউন্ডে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬’ উদ্বোধন, পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের সদস্যরা জীবন বাজি রেখে কাজ করেন। বিপদের মুহূর্তে মানুষের আস্থা ও ভরসার জায়গা হয়ে উঠেছে এই বাহিনী। পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিকতা—এই তিন গুণের সমন্বয়েই তারা প্রতিনিয়ত নিজেদের সক্ষমতার প্রমাণ দিচ্ছে বলে জানান তিনি। ভবিষ্যতে এই বাহিনীকে আরও আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি জানান, প্রশিক্ষণ, প্রযুক্তি ও সরঞ্জাম উন্নয়নের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ-সুবিধা বাড়াতেও সরকার কাজ করছে।

তিনি বলেন, ফায়ার সার্ভিসকে একটি শক্তিশালী, আধুনিক ও দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী হিসেবে গড়ে তুলতে আমরা ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। নতুন নতুন ফায়ার স্টেশন স্থাপন, আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বাড়ানো হচ্ছে। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় জনগণের সচেতনতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সম্মিলিত প্রচেষ্টাও অত্যন্ত জরুরি।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে এবং কেক কেটে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন। পরে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। প্রশিক্ষণ সম্পন্নকারী ফায়ার ফাইটার, ড্রাইভার, ডুবুরি ও নার্সিং অ্যাটেনডেন্টদের শপথ পাঠ করানো হয় এবং বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত ২০ জন সদস্যকে পদক পরিয়ে দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

স্বরাষ্ট্র সচিব দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে ফায়ার ফাইটাররা যে আস্থা অর্জন করেছেন, তা ধরে রাখতে হবে এবং আরও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, সম্মিলিত প্রচেষ্টায় এ বাহিনীকে আরও আধুনিক, দক্ষ ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।

অনুষ্ঠান শেষে “বাংলাদেশ জিন্দাবাদ” ধ্বনির মাধ্যমে মার্চ পাস্ট সম্পন্ন হয় এবং প্রধান অতিথি অংশগ্রহণকারী কন্টিনজেন্ট সদস্যদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। এদিকে ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২৬ উপলক্ষে ২০ থেকে ২২ মে পর্যন্ত সারাদেশে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]