কর ফাঁকির মামলায় অব্যাহতি পেলেন পপতারকা শাকিরা

আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৯:০০:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৯:০০:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
কর ফাঁকি সংক্রান্ত একটি দীর্ঘ আইনি লড়াইয়ে পপ তারকা শাকিরার পক্ষে রায় দিয়েছেন স্পেনের হাইকোর্ট। আদালত তাঁর ওপর আরোপিত ৫ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা বাতিল করেছেন এবং স্প্যানিশ কর কর্তৃপক্ষকে শাকিরার দেওয়া প্রায় ৬ কোটি ইউরো সুদসহ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন।

২০১১ সালের কর সংক্রান্ত এক বিরোধের পর এই অর্থ তার কাছ থেকে নেওয়া হয়েছিল বলে আদালতের নথিতে উল্লেখ রয়েছে।

স্পেনের আইন অনুযায়ী, কোনো ব্যক্তিকে কর রেসিডেন্ট হিসেবে গণ্য করতে হলে বছরে অন্তত ১৮৩ দিন দেশটিতে অবস্থান করতে হয়।

হ্যালো ম্যাগাজিনের রিপোর্ট অনুযায়ী, আদালত জানিয়েছে, ২০১১ সালে শাকিরা স্পেনে কর প্রদানের জন্য আইনত যোগ্য ছিলেন না। কর দেওয়ার জন্য কোনো ব্যক্তিকে স্পেনে ১৮৩ দিনের বেশি সময় থাকতে হয়, যেখানে কর্তৃপক্ষ প্রমাণ করতে পেরেছিল যে শাকিরা ওই বছর মাত্র ১৬৩ দিন স্পেনে কাটিয়েছিলেন। শাকিরা যে ২০১১ সালে স্পেনে ১৮৩ দিনের বেশি সময় ছিলেন সেটি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে কর কর্তৃপক্ষ।

ডয়চে ভেলের রিপোর্ট অনুযায়ী, আদালতের এই রায়টি গত এপ্রিলের মাঝামাঝি দেওয়া হলেও তা সোমবার (১৮ এপ্রিল) প্রথমবারের মতো গণমাধ্যমে প্রকাশ পায়।

এই মামলায় দীর্ঘদিন ধরে শাকিরা দাবি করে আসছিলেন যে, তিনি ওই সময়ে স্পেনের পূর্ণাঙ্গ কর বাসিন্দা ছিলেন না।

শাকিরার আইনজীবী হোসে লুইস প্রাদা এক বিবৃতিতে বলেন, ‘এই সিদ্ধান্ত এসেছে আট বছরের দীর্ঘ ভোগান্তির পর, যা প্রশাসনিক প্রক্রিয়ায় গ্রহণযোগ্যতার অভাবকে তুলে ধরে।’

শাকিরার সাবেক স্বামী ও বার্সেলোনার সাবেক তারকা জেরার্ড পিকেও স্পেনে কর জালিয়াতির একাধিক মামলায় জড়িয়েছিলেন, তবে ২০২১ সালে সুপ্রিম কোর্টে তিনি সব অভিযোগ থেকে অব্যাহতি পান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]