​‎নবীগঞ্জের হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ‎৩০টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, আগুনে ধ্বংস

আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৮:৩৮:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৮:৩৮:৪৬ অপরাহ্ন

‎
‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
‎
‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিভিন্ন হাওর এলাকায় মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
‎
‎রোববার (১৮ মে) দুপুরে উপজেলার হাওরাঞ্চলের বিভিন্ন নদী, খাল, বিল ও জলাশয়ে এ অভিযান পরিচালিত হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিনের নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা করা হয়।
‎
‎অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদ উল্লাহ, ক্ষেত্র সহকারী নারায়ণ চন্দ্র দাসসহ থানা-পুলিশ ও আনসার সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
‎
‎মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, হাওরাঞ্চলে নিষিদ্ধ চায়না দোয়ারি জাল ব্যবহার করে অবাধে মাছ শিকার করা হচ্ছে। এতে দেশীয় প্রজাতির মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি ছোট মাছ ও পোনা নিধনের কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। মৎস্যসম্পদ রক্ষায় সরকারিভাবে এসব জাল ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
‎
‎অভিযান চলাকালে বিভিন্ন স্থান থেকে ৩০টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে জব্দ করা জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
‎
‎উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, হাওরাঞ্চলের মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং অবৈধ জাল ব্যবহারে নিরুৎসাহিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]